নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম
ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে তারা আশাবাদী হলেও প্রশ্নফাঁসের ঘটনার কেন্দ্রীয় তদন্ত এবং অন্যান্য দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা।
গত ২৫ জুলাই শুরু হওয়া আন্দোলন বৃহস্পতিবার ১৩তম দিনে গড়িয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশন করছেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্র নাথ মাহাতো। তিনি ২ আগস্ট থেকে অনশন শুরু করেছেন। দীর্ঘ অনশনের কারণে তার রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে।
এদিকে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক ফোনে দেবেন্দ্র নাথ মাহাতোর সঙ্গে কথা বলে অন্তত পানি পান করার অনুরোধ জানান। পরে মাহাতো সেই অনুরোধে সাড়া দেন। উল্লেখ্য, সোনম ওয়াংচুক নিজেও দিল্লির যন্তর মন্তরে ২৬ দিন অনশন কর্মসূচি পালন করেছিলেন।
জেপিএসসি-জেএসএসসি সংস্কার মঞ্চের মুখপাত্র জীবন কুমার জানান, আন্দোলনকে আরও শক্তিশালী করতে এবং দাবি আদায়ে চাপ বাড়াতে দুই নারীসহ আরও পাঁচজন আন্দোলনকারী অনশনে যোগ দিয়েছেন।
শিক্ষার্থীদের প্রধান দাবি হলো ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল করা। পাশাপাশি প্রশ্নফাঁস ও নিয়োগ কেলেঙ্কারির কেন্দ্রীয় তদন্ত, পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক সংস্কার এবং পরীক্ষা বাতিল হলে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবিও জানিয়েছেন তারা।
এদিকে বিরোধী ভারতীয় জনতা পার্টি বিষয়টি রাজ্যের বিধানসভায় তোলার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোটের শরিক কংগ্রেসও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ঝাড়খণ্ড, পাঞ্জাব, দিল্লি কিংবা দেশের যেকোনো প্রান্তেই শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে কংগ্রেস রয়েছে এবং তাদের সমস্যা সমাধানে দলটি লড়াই চালিয়ে যাবে।
ছাত্রনেতা রাধে কুমার ও রাহুল ক্রান্তি জানিয়েছেন, দাবি আদায় না হলে আগামী ১০ আগস্ট বিধানসভা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাঁচি প্রশাসন ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত বিধানসভার ৭৫০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
নিয়োগ কেলেঙ্কারির তদন্তে রাজ্য অপরাধ তদন্ত বিভাগ অভিযান জোরদার করেছে। এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাবেক জেপিএসসি চেয়ারম্যান এল. খিয়াংতেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অন্যদিকে টানা বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। মন্দির, মসজিদ, গুরুদ্বারা এবং স্থানীয় অনেক ব্যক্তি আন্দোলনকারীদের খাবারের ব্যবস্থা করছেন। বর্তমানে ছয়জন আন্দোলনকারী অনির্দিষ্টকালের অনশন অব্যাহত রেখেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ঝাড়খণ্ড প্রতিষ্ঠার পর গত ২৬ বছর ধরে নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম ও বৈষম্যের শিকার হয়েছেন তারা। এবার ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া