কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ইমরান খানের মৃত্যুর খবর সম্পূর্ণ গুজব। তিনি জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দী রয়েছেন।

যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের দুটি ভিডিও প্রতিবেদনকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত। ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামের ভিডিও দুটিতে তিনি দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে তাঁর কথা হয়েছে। ইমরান খান জীবিত আছেন কি না, তা নিয়ে সেনাবাহিনীর ভেতরেও উদ্বেগ রয়েছে বলে ওই কর্মকর্তাদের উদ্ধৃত করে জানান তিনি।

ওই প্রতিবেদন দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়। তবে পরে ওয়াজাহাত সাঈদ খান নিজেই জানান, ইমরান খানের মৃত্যুর কোনো সুনির্দিষ্ট প্রমাণ তাঁর কাছে নেই। তাঁর পাওয়া তথ্য মূলত ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে অতিরিক্ত গোপনীয়তার কারণে তৈরি হওয়া উদ্বেগের বিষয়েই ছিল।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করে। একই সময়ে ইমরানের স্ত্রী বুশরা বিবির পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলোও তাঁর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করে। তাদের দাবি, কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত এক সাক্ষাৎ পর্বে তাদের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, যেখানে ইমরান খানকে নিজের পায়ে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে।

মৃত্যুর গুঞ্জন থামলেও ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতাদের উদ্বেগ কাটেনি। দলটির নেতারা ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের অবাধে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

দলটি সতর্ক করে বলেছে, ইমরান খানের নিরাপত্তা ও চিকিৎসার বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে দলের কর্মী-সমর্থকদের রাওয়ালপিন্ডিমুখী মিছিলের প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন নেতারা।

এর মধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ইমরান খানের প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা নিশ্চিত করা এবং কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970