দুর্গোৎসব ঘিরে ভারতে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভারতে বসে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার ৭ অক্টোবর দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খাঁন বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারেন, সে জন্য বিএনপি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে চক্রান্ত করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে। বিভিন্ন মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে। তার দাবি, এসব ঘটনা ছিল পরিকল্পনার অংশ। এর মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সনাতন ধর্মাবলম্বীরা বেশি ক্ষতির মুখে পড়বেন। তাই তাদের রক্ষার নামে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় সমর্থন ও সহযোগিতা করার পরিবেশ তৈরি করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল ভারতের আশীর্বাদে। ভারতের সমর্থন নিয়েই তারা ক্ষমতায় ছিল। বর্তমানে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভারতে অবস্থান করে চক্রান্ত করছেন বলেও অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন স্থান থেকে তাদের কাছে তথ্য এসেছে, দুর্গোৎসবকে কেন্দ্র করে আওয়ামী লীগ চক্রান্ত করতে পারে। এরপর ভারতকে বোঝানোর চেষ্টা করা হতে পারে যে, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায় সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম কীভাবে গুজব ছড়ায়, তা সবাই জানেন। কোথাও কোনো মুসলমানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন পাতায় সেটিকে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন হিসেবে প্রচার করা হয় বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছেন। দেশের মানুষের এই সম্প্রীতি অনেকেই চান না। দুর্গোৎসবকে কেন্দ্র করে অরাজকতা তৈরির জন্য আওয়ামী লীগ চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এমন কোনো অরাজকতা আওয়ামী লীগ সৃষ্টি করতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেন রাশেদ খাঁন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970