সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: বরকত উল্লাহ বুলু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের ভোট বিএনপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তাঁদের ভোটেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু।
মঙ্গলবার ৬ অক্টোবর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বরকত উল্লাহ বুলু বলেন, সংসদ নির্বাচনে ৯৮টি আসনে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। এসব আসনে সনাতন ধর্মাবলম্বীদের ভোট বিএনপির বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, নোয়াখালী ৩ আসনের এমন কয়েকটি কেন্দ্রে এবার ধানের শীষ জয় পেয়েছে, যেখানে অতীতে বিএনপি কখনো জয়ী হতে পারেনি। এসব কেন্দ্রে বিএনপির বিজয়ের পেছনে সনাতন ধর্মাবলম্বীদের ভোট বড় ভূমিকা রেখেছে।
বিএনপির এই নেতা বলেন, এই পৌরসভায় অতীতে কখনো বিএনপি জয়লাভ করেনি। সনাতন ধর্মাবলম্বীদের ভোট অন্যদিকে যেত। এবার তাদের ভোট বিএনপি পেয়েছে। এ জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সনাতন ধর্মাবলম্বীদের পূজা পার্বণ, ব্যবসা বাণিজ্যসহ সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকারে থেকে যা যা করা প্রয়োজন, বিএনপি তা করবে।
ভারতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারতে কী হচ্ছে, সেটি বাংলাদেশের দেখার বিষয় নয়। দেশটিতে মুসলমানদের সঙ্গে কী ঘটছে, সে বিষয়ে ভারত সরকারকেই বিশ্ব দরবারে দায় নিতে হবে।
বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমানসহ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বরকত উল্লাহ বুলু বলেন, সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে, এমন একটি বাংলাদেশই তারা গড়ে তুলতে চান।
আরও পড়ুন
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব
স্ত্রীর ১০২ ডিগ্রি জ্বর, রাত ৪টায় পরোটা চাওয়ার কথা বলে সমালোচনায় মুকিত
স্বামীকে দাফনের এক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি চিরনিদ্রায় দম্পতি